প্রচ্ছদ > বিনোদন >

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থনে তারকারা

article-img

* ব্রাজিল যেন ভালো কিছু করে : আবুল হায়াত

বুঝতে শেখার পর থেকেই ব্রাজিল সমর্থন করি। এই দলের খেলার ভক্ত বলব না, পোকা বলব। আবার আর্জেন্টিনার খেলাও ভালো লাগে। আমি বরাবরই বিশ্বকাপ ফুটবলের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করি। বিশ্বকাপের ম্যাচগুলো যখন দেখি তখন ভাবি কবে যে আমাদের ছেলেরা ওই রকম করে খেলতে পারবে! এবার অপেক্ষা করছি ব্রাজিল যেন ভালো কিছু করে।’

 

* ব্রাজিল-আর্জেন্টিনা উত্তেজনা তৈরি করুক : মিশা সওদাগর

পছন্দের দল ব্রাজিলকে অন্ধভাবে ভালোবাসি বলব না। তবে মনে-প্রাণে এ দলটির খেলা উপভোগ করি। পাশাপাশি অন্য দলের খেলাও দেখি। মেসির ছন্দময় খেলা খুবই উপভোগ করি। ভবিষ্যতে এমন খোলোয়াড় আসবে কিনা সন্দেহ আছে। আমি চাই এবারের ফাইনাল খেলাটা ব্রাজিল-আর্জেন্টিনা এমনই উত্তেজনা তৈরি করুক।

 

* আমরা ব্রাজিল ভক্ত পরিবার : ওমর সানী

আমাকে ফুটবল খেলার একজন ‘অন্ধ সমর্থক’ বললে ভুল হবে না। আমি আগাগোড়া একজন ব্রাজিল সমর্থিত দর্শক। আমার পরিবারও তাই। ব্রাজিল বরাবরই শৈল্পিক খেলা উপহার দিয়ে আসছে। নেইমারের কথা সবাই জানেন। এবারও প্রত্যাশা করি নেইমার, ভিনিউস জুনিয়র তাদের খেলার জাদুতে বিশ্বকে চমকে দেবে। আমার প্রত্যাশা ব্রাজিল এবার বিশ্বকাপ নেবে।

 

* আমি বিতর্ক পছন্দ করি না : সুচন্দা

এবার ফুটবল বিশ্বকাপ ঘিরে বেশ আনন্দ-উত্তেজনা দেখছি। আমার প্রিয় দল আর্জেন্টিনা। অনেক আগে থেকেই এ দলের খেলা দেখার চেষ্টা করছি। দলটির খেলা আমার ভীষণ পছন্দ। বরাবরের মতো আমি চাইব আর্জেন্টিনা ও মেসি ভালো করুক; তবে আমি অন্যদের সঙ্গে তর্কবিতর্ক করি না। সব দলই ভালো খেলে বলে বিশ্বকাপে সুযোগ পেয়েছে। যে দল সবচেয়ে ভালো খেলবে সে দলই নেবে কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি।

 

* আমি অতটা বিচক্ষণ নই : শাবনাজ

আমার প্রিয় দল সব সময়ই ব্রাজিল। যদিও ফুটবলে আমি অতটা বিচক্ষণ নই। তবে আমার পুরো পরিবার ফুটবল খেলাকে ভালোবাসে। বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হলে আমাদের পরিবারের অন্য সদস্যদের মধ্যে একটা বাড়তি উত্তেজনা তৈরি হয়। কেউ আর্জেন্টিনার সাপোর্টার, কেউ জার্মানির, কেউ কেউ আবার ফ্রান্সের সাপোর্টার। তবে আমি আশা করি, ব্রাজিল চ্যাম্পিয়ন হবে।

 

* সে তো ফুটবলের রাজপুত্র : চম্পা

আমার প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। সে তো ফুটবলের রাজপুত্র। প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের চোখ ফাঁকি দিয়ে কীভাবে গোল করতে হয়, এটি তার ভালো করেই জানা। তবে আমার পরিবারে আর্জেন্টিনা-ব্রাজিল এ দুই দলে বিভক্ত। খেলা চলাকালীন তর্ক চলতেই থাকে। প্রতি আসরের মতো এবারও যে দল সবচেয়ে ভালো খেলবে, সে দলই চ্যাম্পিয়ন হবে।

 

* নেইমারের জন্য কষ্ট হয় : রোজিনা

চলতি ফুটবল বিশ্বকাপের খেলাগুলো পুরো পরিবারের সদস্যদের নিয়ে দেখার চেষ্টা করছি। আমার প্রিয় খেলোয়াড় ছিলেন ম্যারাডোনা। তার ফুটবল খেলার কারিশমা পৃথিবী জানে। আকস্মিকভাবে ম্যারাডোনা মারা যাওয়ার পর আর্জেন্টিনার খেলা আর দেখতে ইচ্ছা করেনি। এখন ব্রাজিলকে ভালো লাগে। কিন্তু নেইমারের জন্য কষ্ট হয় কারণ, বেশির ভাগ সময় ইনজুরিতে থাকতে হয় তাকে।

 

* এবার ট্রফি ব্রাজিল নেবে : মৌসুমী

ছোটবেলা থেকেই আমি দলটিকে সমর্থন করি। শুধু আমার একা নয়, আমার পরিবারের অন্য সদস্যদেরও প্রিয় দল ব্রাজিল। আমরা, ফুটবল বিশ্বকাপ এলে নিয়মিত সবাই মিলে খেলা উপভোগ করি। এবারও তার ব্যত্যয় ঘটছে না। আমি প্রত্যাশা করি, এবারের বিশ্বকাপ ট্রফি ব্রাজিল অর্জন করে নেবে।

 

* আমি ব্রাজিলের কট্টর সমর্থক : অপু বিশ্বাস

নেইমারের খেলা, মাঠের উপস্থিতি সবকিছুই আমার ভালো লাগে। তবে ব্যক্তিত্বের দিক থেকে মেসিকে আমার পছন্দ। আমি ব্রাজিলের কট্টর সমর্থক। কিন্তু শুধু ব্রাজিলের সমর্থক হলে তো চলবে না, অন্য দলের সমর্থকও দরকার। তা না হলে খেলা দেখে মজা থাকবে না। তা ছাড়া বিশ্বকাপ ফুটবল মানেই উত্তেজনায় ভরপুর এক পরিবেশ। রাত দুইটা-তিনটা বেজে গেলেও খেলা দেখছি।

 

* কে জিতবে জানি না : সিয়াম আহমেদ

স্পেনের খেলা আমাকে ভীষণ টানে। কখনোই নিজ দল থেকে সমর্থন প্রত্যাহার করিনি। দেখা গেছে, বেশির ভাগ মানুষ ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থন করলেও আমার পছন্দের দল স্পেন। ওদের খেলা খুব উপভোগ করি। এবার কোন দল জিতবে কেউ জানি না, কিন্তু আমার প্রত্যাশা স্পেন ভালো কিছু করুক।’

 

* ভালোবাসা একটুও কমেনি : বিদ্যা সিনহা মিম

ব্রাজিল আমার পছন্দের দল। ফুটবলের জাদুকর পেলের দেশ ব্রাজিল। ছোটবেলা থেকেই ওদের খেলা পছন্দ করি। কিন্তু ২০১৪ সালে ব্রাজিল ৭ গোল হজম করার পর অনেক কেঁদেছিলাম। তবু দলটির প্রতি ভালোবাসা একটুও কমেনি। আমার মনে হয় এবার বিশ্বকাপে প্রিয় দল ভালো করবে, সেই প্রত্যাশা করছি। তবে আমি ব্রাজিল সমর্থক হলেও মেসির খেলা পছন্দ করি।

 

* বিজয়ের মুকুট আর্জেন্টিনাই পরবে : তমা মির্জা

জানি না এবার কারা চ্যাম্পিয়ন হবে। তবে আর্জেন্টিনা টিম নিয়ে আমি আত্মবিশ্বাসী। বরাবরই বিজয়ী হয়ে ভক্তদের আনন্দে ভাসায় মেসি বাহিনী। এবারও তেমনটাই প্রত্যাশা করছি। আমার মনে হচ্ছে গত আসরের চেয়ে এবারের আর্জেন্টিনা আরও বেশি শক্তিশালী। এ আসরেও বিজয়ের মুকুট আর্জেন্টিনাই পরবে।

 

* সত্যিই তিনি জাদুকর : নিরব

মেসি যখন বল নিয়ে দৌড়ায়, মনে হয় যেন এক জাদুকর দৌড়াচ্ছেন! যখন গোল দেন, তখন মনে হয় এটা কোনো মানুষের পা থেকে আসেনি! সত্যিই তিনি জাদুকর। যেসব ক্লাবের হয়ে তিনি খেলছেন, সেসব দলের খেলাও আমি মিস করি না। শুধু মেসির জন্যই দেখি। আমি চাইব এবারও তার হাতেই উঠুক বিশ্বকাপ।

 

* আমার দল ঘুরে দাঁড়াতে জানে : জাহিদ হাসান

প্রতিটি দলই ভালো খেলে বলেই তো বিশ্বকাপে খেলার সুযোগ পায়। তবে আর্জেন্টিনা দলের বড় গুণ হচ্ছে, প্রিয় দলটি হোঁচট খেলে আবার কীভাবে ঘুরে দাঁড়াতে হয় তা ভালো করে জানে। এ দলের প্রত্যেক খোলোয়াড়ই আত্মবিশ্বাসী। আমার বিশ্বাস মেসির দলটি গত আসরের মতো এবারও সমর্থকদের আনন্দে ভাসাবেন।

 

* প্রিয় দল হারলে খারাপ লাগবে : মাহফুজ আহমেদ

আমি ব্রাজিলের সমর্থক হলেও বিশ্বকাপে অন্যান্য দলের খেলাও দেখি। বর্তমান ফুটবল বিশ্বে আমার পছন্দের খেলোয়াড় নেইমার। বারাবরের মতো এবারের আসরেও সবচেয়ে ভালো খেলা দলটিই বিশ্ব চ্যাম্পিয়ন হবে। প্রিয় দলের পরাজয়ে খারাপ লাগবে। তবে এটাও খেলার একটি অংশ। আশা করি সব দলের সমর্থকরা এসব মেনে খেলা উপভোগ করবেন।

 

* এবারের বিশ্বকাপ ট্রফি ব্রাজিলই পাবে : অপূর্ব

বিশ্বকাপ ফুটবল খেলার সময় আমার শুটিংসহ অন্যান্য কাজের সময়সূচি পরিবর্তন করে রাখি। এবারও ব্যতিক্রম হচ্ছে না। ব্রাজিল আমার প্রিয় ফুটবল দল। তাদের খেলায় অন্যরকম ছন্দ আছে। নেইমারের খেলা নিয়ে তো কোনো কথাই হবে না। আশা করি, এবারের বিশ্বকাপ ট্রফি ব্রাজিলই পাবে। প্রিয় দলের জন্য শুভ কামনা।

 

* মেসি বাহিনীই হাসবে : সজল

দেখতে দেখতে আবারও চলে এসেসে বিশ্বকাপ ফুটবল খেলা। এবার দল বাড়ায় খেলার আমেজ পরিবর্তন হয়েছে। তবে অনেক খেলা ভোর রাতে হওয়ায় কিছুটা কষ্ট হচ্ছে দেখতে। তবে যত কিছুই হোক, প্রিয় দলের খেলা মিস করা যাবে না। আমি অনেক কারণেই আর্জেন্টিনাকে সমর্থন করি। তার মধ্যে অন্যতম হচ্ছে ম্যারাডোনা ও মেসির জন্য। এবারও শেষ হাসি মেসি বাহিনীই হাসবে।

 

* খেলা ভালো হচ্ছে : জাকিয়া বারী মম

বিশ্বকাপ মানেই তো একটা উৎসবমুখর পরিবেশ। প্রতিবারের মতো এবারও সব ম্যাচ দেখার চেষ্টা করছি। এরইমধ্যে বেশ জমে উঠেছে আসরটি। এবার সবার খেলা খুব স্পিডি এবং ভালো হচ্ছে। অনেক নতুন দলও ভালো খেলা উপহার দিচ্ছে। তা ছাড়া এবার দল বাড়ায় উন্মাদনা বেড়েছে। আমি আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনার পর আমার দ্বিতীয় পছন্দের দল জার্মানি।

 

* সবসময় আর্জেন্টিনার খেলা দেখি : নাদিয়া

ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার ভক্ত। শুধু বিশ্বকাপের খেলাই নয় বরং অন্য সময়ও আর্জেন্টিনার খেলা দেখার চেষ্টা করি। আমার স্বামী অভিনেতা এফএস নাঈম জার্মানির সমর্থক। কিন্তু এ নিয়ে আমাদের মধ্যে কোনো তর্কবিতর্ক হয় না। তবে এবার দুজনেরই মন খারাপ! এবারের আসরে আমার প্রত্যাশা-আর্জেন্টিনা আবারও কাপ নিয়ে ঘরে ফিরুক।

 

* প্রিয় দল রেকর্ড গড়ুক : রাফিয়াত রশীদ মিথিলা

ফুটবল খেলা বুঝতে শেখার পর থেকেই আর্জেন্টিনা সমর্থন করি। পছন্দের কোনো কারণ নেই, তবে ওদের খেলা ভালো লাগে। বিশ্বকে ওরা নান্দনিক খেলা উপহার দিয়ে যাচ্ছে বহু বছর ধরে। এ বিশ্বকাপে প্রিয় দল ভালো কিছু করুক, রেকর্ড করুক, সেটাই চাওয়া।’

 

* বিশ্বকাপ জয় করবে ব্রাজিল : মেহজাবীন চৌধুরী

ব্রাজিলের প্রতিটি খেলোয়াড় দারুণ খেলেন। তাদের একেকজনের খেলার ধরন একেক রকম। এবারের আসরে ব্রাজিল পুরোনো ছন্দে ফিরবে আশা করছি। এরইমধ্যে একটি ম্যাচ ব্রাজিল খেলেছে। সেখানে তেমন কিছু উপহার দিতে না পারলেও আমার বিশ্বাস পরের খেলায় দারুণ কিছু উপহার দেওয়ার সক্ষমতা দলটির আছে। আশা করছি এবারের বিশ্বকাপ জয় করবে ব্রাজিল।

 

* প্রিয় দলের খেলা মিস করি না : তটিনী

বুঝতে শেখার পর থেকেই আর্জেন্টিনাকে পছন্দের শীর্ষে জায়গা দিয়েছি। শুধু মেসি নয়, আর্জেন্টিনার সবাই দারুণ ছন্দময় ফুটবল খেলা উপহার দেন। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখবে বলে আমার পূর্ণ বিশ্বাস আছে। তারা জানে কীভাবে শিরোপা জিততে এবং ধরে রাখতে হয়। চেষ্টা করছি সব খেলা দেখার। তবে প্রিয় দলের খেলা দেখা কখনোই মিস করি না।

 

* মেসির খেলা ভালো লাগে : নাজনীন নীহা

ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। খেলা খুব গভীরভাবে বিশ্লেষণ করি না। কিন্তু মেসির খেলা দেখতে ভালো লাগে। এ কারণেই আর্জেন্টিনার প্রতি আলাদা টান তৈরি হয়েছে। প্রিয় দলের খেলা দেখার জন্য অপেক্ষা করছি। আমার মনে হচ্ছে এবারও চ্যাম্পিয়ন তকমা নিয়ে ঘরে ফিরবে আর্জেন্টিনা।

 

* কোনো কথা হবে না : তানজিকা আমিন

কোনো কথা হবে না, শুধুই আর্জেন্টিনা। আসলে ফুটবল নিয়ে গল্প করলে বা তর্ক করলে ঘণ্টার পর ঘণ্টা করা সম্ভব। যার যার পছন্দের দল থাকতেই পারে। পছন্দের দল থাকাটাই স্বাভাবিক। সেভাবেই আমার পছন্দের দলও আর্জেন্টিনা। আমি খুব করে চাই প্রিয় দল এবার বিশ্বকাপ জিতুক।

 

* আমার দল চ্যাম্পিয়ন হবে : আসিফ আকবর

ব্রাজিলের খেলা মানেই বন্ধুবান্ধব মিলে খাওয়া-দাওয়া আর জম্পেশ আড্ডা। যেখানেই থাকি না কেন বন্ধুদের নিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন থাকবে। ব্রাজিল প্রিয় দল হলেও প্রিয় খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। লাতিন দলগুলোও এবার বিশ্বকাপে ভালো করবে। তবে ব্রাজিলই চ্যাম্পিয়ন হবে আশা করি।

 

* আমি অন্ধ ভক্ত নই : আঁখি আলমগীর

গানের শো না থাকলে বিশ্বকাপের কোনো ম্যাচই মিস করি না। এখন খেলা দেখতে গিয়ে বেশির ভাগ সময় ভোরবেলায় ঘুমাতে যেতে হয়। আমি ব্রাজিল সাপোর্ট করি। আমার মেয়ে আবার আর্জেন্টিনার সাপোর্টার। জার্মানি এবং স্পেনের খেলাও আমার ঘরের অনেকে পছন্দ করেন। তবে আমরা কেউই দলের অন্ধ ভক্ত নই।

 

* জিতলেও আর্জেন্টিনা, হারলেও আর্জেন্টিনা : সাজিয়া সুলতানা পুতুল

যখন থেকে ফুটবল খেলা বুঝি তখন থেকেই আর্জেন্টিনাকে ভালোবাসি। এ দলটি বিজয়ী হলে যেমন অনেক আনন্দ পাই, তেমনই খারাপ খেললে আমারও মন খারাপ হয়। তবে আমি আর্জেন্টিনার ঠুনকো ভক্ত নই। জিতলেও আর্জেন্টিনা আর হারলেও আর্জেন্টিনা। গত আসরের ধারাবাহিকতা এবারও অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।